বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দারুণ উন্মাদনা কাজ করছে পুরো দেশজুড়ে। শোবিজ তারকারাও মেতেছেন ফুটবল উৎসবে। প্রিয় দলের জার্সি পরিহিত ছবি ফেসবুকে পোস্ট করে এই উৎসবে মেতেছেন তারা।
ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর প্রিয় দল ব্রাজিল। শনিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা ওমর সানী একটি ছবি শেয়ার করে এ কথা জানান।
ছবিতে সানী ও মৌসুমীকে দেখা যাচ্ছে ব্রাজিলের জার্সি পরে আছেন। আর মৌসুমীর হাতে একটি ফুটবল। ক্যাপশনে সানী লিখেছেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল, পিছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’
এই পোস্টকে কেন্দ্র করে ‘ক্ষেপেছেন’ আর্জেন্টিার সমর্থকরা। চলছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের কমেন্ট যুদ্ধ। ব্রাজিল সমর্থকরা সানীকে শুভেচ্ছা জানালেও আর্জেন্টিনার সমর্থকরা বলছেন, ‘ঠিক নাই, সবদিকে আর্জেন্টিনা।’
