Home আলোচিত সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’ বানালেন লিটন সরকার

সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’ বানালেন লিটন সরকার

0
215

কাতার বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে দেশ। যমুনা পারের শহর সিরাজগঞ্জেও লেগেছে এ উন্মাদনার ছোঁয়া। কে ফেভারিট, কে জিতবে কাতার বিশ্বকাপ তা নিয়ে ঘরে-বাইরে আর চায়ের স্টলে চলছে মুখরোচক আলোচনা।

বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। জার্মানি, ইংল্যান্ড, ইত্যালি স্পেনসহ অন্য দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের পরিমাণই বেশি।

ইতোমধ্যে এ দুটি দলের সমর্থকরা নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানে প্রিয় দলের পতাকা টানিয়ে, টি-শার্ট আর ক্যাপ মাথায় উল্লাস করছেন। চলছে প্রচণ্ড বাকযুদ্ধও। তর্কযুদ্ধে কেউ কাউকে এতটুকো ছাড় দিচ্ছেন না। নেইমার ও মেসি যেন এখন সবার মুখে মুখে।

তবে শহরজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিটন সরকারের ব্রাজিল বাড়ি ও ব্রাজিল গাড়ি নিয়ে। শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী লিটন সরকার নিজ বাড়ির নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি। পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রঙে হলুদ আর সবুজে রাঙিয়েছেন তিনি। পাশাপাশি তার মালিকানাধীন একটি যাত্রীবাহী বাসকেও ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন।

বুধবার সরেজমিনে মোক্তারপাড়া লিটন সরকারের বাড়ি গেলে দেখা যায় তার দ্বিতল বাড়িটির সব দেয়াল হলুদ ও সবুজ রঙে রাঙানো। দেয়ালগুলো জুড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। এমনকি দোতলায় ওঠার সিঁড়ির দু’পাশেও রয়েছে ব্রাজিলের পতাকা।

তবে বাড়ির প্রধান ফটকটি বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজে আঁকা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলার দেয়ালে বাংলাদেশ-ব্রাজিলের ফ্রেন্ডশিপের নিদর্শন হিসেবে দুই দেশের পতাকা সম্বলিত হাতে হাতে হ্যান্ডশেকের প্রতিকৃতি অঙ্কন করেছেন।

লিটন সরকারের এই ব্রাজিল বাড়ি দেখতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন। ব্রাজিল ভক্ত ছাড়া আর্জেন্টিনার সাপোর্টারারও কৌতূহল নিয়ে দেখতে আসছেন এই বাড়িটি।

অপরদিকে নিউ ঢাকা রোডে অভি এন্টারপ্রাইজের কাউন্টারে গিয়ে দেখা যায়, লিটন সরকারের মালিকানাধীন যাত্রীবাহী বাসটিকেও সাজানো হয়েছে ব্রাজিলের পতাকার রঙে। গাড়ির চালকসহ স্টাফগুলোও রেখেছেন ব্রাজিলের সমর্থক। পাশাপাশি তিনি ব্রাজিল সমর্থকদের টি-শার্ট বিতরণ করছেন।

ব্রাজিল বাড়ি দেখতে আসা শিক্ষার্থী, যুবক ও পেশাজীবীদের সঙ্গে কথা বললে তারা বলেন, লিটন সরকারের এই বাড়িটি দেখতে খুবই সুন্দর। তিনি সুন্দর করে ব্রাজিলের পতাকার রঙে বাড়িটি সাজিয়েছেন। তার বাড়ি দেখেই মনে হবে তিনি ব্রাজিলের একনিষ্ঠ একজন ভক্ত।

আর্জেন্টিনার সমর্থক এক কলেজছাত্র বলেন, ‘আমি আর্জেন্টিনার সাপোর্টার হলেও লিটন সরকারের এই বাড়িটি দেখতে ভালো লাগে। তবে আমি চাই আর্জেন্টিনা কাপ জিতুক।’

অভি এন্টারপ্রাইজের চালক শরীফ বলেন, ‘আমার মহাজন ব্রাজিল ভক্ত। তিনি ব্রাজিলের জন্য ব্যানার ফেস্টুন দিয়েছেন। আমরাও ব্রাজিল ভক্ত। আমরা ব্রাজিলের জয় চাই।’

বাড়ির মালিক লিটন সরকার জানান, আমি ব্রাজিলের অন্ধ ভক্ত। ব্রাজিলের খেলা হলেই আমি দেখি। ইচ্ছে আছে, মাঠে বসে সরাসরি ব্রাজিলের খেলা দেখব, খেলোয়াড়দের হাত দিয়ে স্পর্শ করব। আশা করছি, এবারের কাপ আমার দলই পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here