ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার যুদ্ধ। প্রিয় দলের পক্ষে গলা ফাটাতে মাঠে নেমে গেছেন সমর্থকরা। পিছিয়ে নেই শোবিজের তারকারাও।
পছন্দের দলকে সমর্থন দিয়ে কথার যুদ্ধে নিজেদেরকেও সমানভাবে শামিল করছেন তারা। তেমনই একজন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। যিনি ব্রাজিল দলের সমর্থক। তবে তার সাত বছরের ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক।
গত বছরের কোপা আমেরিকা উপলক্ষে জার্সি গায়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস। সেই ছবিগুলো এখন ফের সামনে এসেছে।
ভক্তরা আগেই জানতেন অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। তাঁর প্রিয় খেলোয়াড় নেইমার। কিন্তু জয়! খেলার দল সমর্থনের সময় তাঁর হয়নি এখনো। কিন্তু জয়ের গায়ে আর্জেন্টিনার জার্সিতে অনেক ভক্তই ধন্দে পড়ে গেছেন। তবে কি জয়ের বাবা শাকিব খান আর্জেন্টিনার সমর্থক? এ কারণেই অপু জয়কে পরিয়েছেন আর্জেন্টিনার জার্সি?
অপু জানান, তেমন কিছুই না। তিনি ব্রাজিল সমর্থন করেন, তা সবাই জানেন। জয় খেলা বোঝে না। একটি বিশেষ কারণে তার গায়ে এই জার্সি পরানো হয়েছে।
অপু বলেন, ‘চূড়ান্ত খেলা নিয়ে চারদিকে বেশ উৎকণ্ঠা, উন্মাদনা চলছে। আমার লাখ লাখ ভক্ত আছেন। তাঁদের মধ্যে অনেকেই আর্জেন্টিনাকে সমর্থন করেন। আমি ব্রাজিল সমর্থন করি। আর্জেন্টিনার ভক্তরা আশাহত হতে পারেন, মন খারাপ করতে পারেন। আমি চাই না আমার ভক্তদের মন খারাপ হোক। এ জন্য আমার ছেলে জয়কে আর্জেন্টিনার প্রতীকী সমর্থক করে জার্সি পরিয়েছি। এতে হয়তো ভক্তদের মন খারাপ কিছুটা কমবে।’
