বরিশালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিড়াল মেলা। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলি! না, সত্যিকারের চিত্রতারকা নয় তারা। মেলায় ভংশ নেয়া তিনটি বিড়ালের নাম এগুলো। আর এই নামে মঞ্চে উঠানো হয় ওই তিন বিড়ালকে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশাল নামে একটি ফেসবুক গ্রুপের উদ্যোগে নগরীর ইউরোটেল বিডি কনভেনশন হলে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো নুরুল আলম।
মেলায় আগতরা এ ধরনের একটি মেলার আয়োজনে উৎসাহ প্রকাশ করেছেন। তারা জনান, একটা একটা করে বিড়াল লালন-পালন করতে করতে ভালোবাসা হওয়ায় আজ অনেক বিড়াল পালন করছেন তারা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজকে এখানে এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। মানুষকে আরও আগ্রহী করে তুলবে পশুপ্রেমে।
নিপা বলেন, এক বছর ধরে আমি বিড়াল পুষছি। আমার ছেলে-মেয়েদের জন্য পুষছি। কারণ প্রযুক্তির এই সময়ে সন্তানদের মোবাইলসহ অন্য ডিভাইসে আসক্ত না করে জীবেপ্রেম শেখাতে পারলে মনে করি সঠিক শিক্ষা দিতে পারছি। এই জায়গা থেকেই আমি উদ্যোগী হয়ে বিড়াল পুষছি।
অংশগ্রহণকারী ঐশ্বর্য বলেন, বিড়ালগুলো অনেক মায়াবি হয়। বিড়াল খুব সুন্দর এবং ভালো লাগে এজন্য পুষছি। মেলায় এসে আমার অদ্ভুত রকমের ভালো লাগছে।
কলেজশিক্ষক মারিয়া বলেন, বরিশালে চমৎকার এই আয়োজন খুব ভালো উদ্যোগ। আমি পাঁচটি বিড়াল পুষি। যারা পশুদের প্রতি সদয় না তাদের মধ্যে মানবিকতা আছে বলে মনে করি না। মানুষ হিসেবে পশুপ্রেম থাকা অত্যন্ত জরুরি।
জেবা মারিয়া অহনা বলেন, আমরা শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলীর নামে বিড়ালের নামকরণ করেছি। কারণ বর্তমানে এর ট্রেন্ড চলছে। আমরা চার বছর ধরে বিড়াল পুষছি।
মেলায় শতাধিক দর্শনার্থী ও ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
