জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। নাটক কিংবা সিনেমায় এখন নিয়মিত অভিনয় করছেন তিনি। নিপুণ অভিনয়ের মাধ্যমে পেয়েছেন তারকাখ্যাতি।
শুক্রবার (১৮ নভেম্বর) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।
এই সিনেমার মুক্তিকে কেন্দ্র বর্তমানে চলছে প্রচার-প্রচারণা। আর তাইতো রোববার (৬ নভেম্বর) প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু করে ঢাকার প্রচার কার্যক্রম।
এতে অংশ নেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অনেকেই। সেখানে উপস্থিত ছাত্রীদের হাতে সিনেমার টিকিটও তুলে দেন তারা।
শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে আয়োজন। প্রিয় শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতে শিক্ষার্থীরা মাঠে নেমে আসেন। সেলফি নিতে ঘিরে ধরেন তাদের। বিশেষ করে মনোজ প্রামাণিক ও তিশাকে।
ছবিতে প্রীতিলতা চরিত্রে অভিনয়কারী নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।
এই অভিনেতা বলেন, প্রীতিলতার চরিত্রে একজন নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন, কিন্তু এখানে হাজারো প্রীতিলতা দেখতে পাচ্ছি। আমার মনে হয়, সিনেমাটি সফল হবে। আপনারা সিনেমাটির সঙ্গে থাকবেন এবং দেখবেন। সিনেমাটি দেখলে ইতিহাসের অনেক কিছু জানা যাবে এবং একজন পরিপূর্ণ মানুষের সমাজ, দেশের প্রতি কী দায়বদ্ধতা রয়েছে সেটি জানা যাবে।
