ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা তিনি। হাজারো ভক্তের কাছে তিনি প্রিয়দর্শিনী। দীর্ঘ দুই যুগ ধরে নিজের জনপ্রিয়তাকে শক্ত হাতে ধরে রেখেছেন। মিষ্টি হাসি আর অভিনয় গুণে জয় করে নিয়েছেন কালের সীমানা। হ্যাঁ, তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
সেই নব্বইয়ের দশকের শুরুর দিক থেকে আজও তার সৌন্দর্য অমলিন। একাধিক প্রজন্মের নায়িকাদের কাছে হয়েছেন আদর্শ। আজ ৩ নভেম্বর এই তারকা অভিনেত্রীর জন্মদিন। শুভ জন্মদিন প্রিয়দর্শিনী। জন্মদিনে অসংখ্য ভক্তের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মৌসুমী। এ ছাড়া শোবিজ জগতের অনেকেই এই প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। পুরো নাম আরিফা পারভিন জামান। ছোট বেলা থেকেই শোবিজ ভুবনে পথচলা শুরু করেন মৌসুমী। গান এবং অভিনয় দুই ধরণের প্রতিভা নিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর ১৯৯০ সালে ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ বিজয়ী হয়ে টেলিভিশনের বাণিজ্যিক ধারার অনুষ্ঠানে কাজ শুরু করেন।
জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘জন্মদিন এলেই আসলে আব্বুর কথা খুব মনে পড়ে। আমার সবকিছুই আব্বুর নখদর্পণে ছিল। তাই জীবনের এই পর্যায়ে এসে আব্বুকে বেশি বেশি মিস করি। আবার এই জন্মদিনে আম্মুও পাশে নেই। সবকিছু মিলিয়ে যদিও নিজের ভেতর কষ্ট বা খারাপ লাগা আছে, কিন্তু আমার দুই সন্তান ফারদিন ফাইজাহর মুখ দেখে সেই কষ্ট ভুলে থাকি। ওরাই আমার সুখের পৃথিবী। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকব, শান্তিতে থাকব।’
দোয়া চেয়ে মৌসুমী বলেন, ‘সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।’
এই অভিনেত্রী জানান, জন্মদিনে রাজধানীর ধানমন্ডিতে একটি ফটোশুটে অংশ নেবেন। এরপর নিজের মতো করেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
এদিকে জন্মদিনের প্রথম প্রহরে উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। বাসায় কেটেছেন কেক রাত ১২টায়।
রাতে চিত্রনায়ক ওমর সানী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘রাতে শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন মৌসুমী।’
