রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র অগ্রবর্তী অংশের প্রভাবে রংপুর বিভাগ ছাড়া সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বইছে ঝোড়ো হাওয়া। রোববার (২৩ অক্টোবর) থেকে ঢাকার আকাশ মেঘেঢাকা ছিল। রাতে হালকা বৃষ্টি হয়েছে। তবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু করে ঢাকায় বইছে টানা বৃষ্টি। ঘন মেঘে ঢেকে আছে আকাশ।

অন্যদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বছরে রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে গত কয়েক বছরে যে কয়টি ঘূর্ণিঝড় আঘাত হানে সেগুলোর খুব বেশি প্রভাব রাজধানীতে লক্ষ্য করা যায়নি। তবে এবারের ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই পড়েছে রাজধানী। দিনভর বৃষ্টিতে রাজধানীর জনজীবনে স্থবিরতা এসেছে। বিভিন্ন রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে। দিনভর খুব বেশি প্রয়োজন ছাড়া নগরবাসী ঘরের বাইরে বের হননি।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতার দৃশ্য দেখা গেছে। রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মহাখালী, বনানী, গুলশান, বাড্ডা, বিমানবন্দর সড়ক ঘুরে দেখা গেছে, অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির কারণে কোথাও কোথাও হাঁটু পানি জমলেও দ্রুতই তা সরে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ২৬০, পটুয়াখালীতে ২৫৩, ভোলায় ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *