বাবা না হলে এই অনুভূতি বোঝা যাবে না: সিয়াম

চলতি বছরেই বাবা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছেলের নাম রেখেছেন জোরাইজ আহমেদ জায়ান। বয়স প্রায় ৬ মাস। প্রথমবারের মতো সম্প্রতি ছেলের মুখে ‘বাবা’ ডাক শুনেছেন তিনি।

আর এই দিনটিকে স্মরণীয় করে রেখেছেন নায়ক। ছেলেকে কাঁধে নিয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিয়াম। বাবার কাঁধে চড়ে বেশ হাসিখুশি জায়ান। ক্যাপশনে বিশেষ দিনটির উল্লেখ করেন।

জানতে চাইলে সিয়াম সংবাদমাধ্যমকে মুঠোফোনে বলেন, বাসায় আছি। আমার একমাত্র পুত্র জায়ানকে দেখভালে ব্যস্ত আছি। আর পুত্রও আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে ছেলেকে অনেক দিন পর কাছে পেয়েছি! ৩-৪ দিন পর হলেও মনে হচ্ছে যেন ৩-৪ বছর পর ওর সঙ্গে দেখা। বাবা না হলে এই সুন্দর অনুভূতি বোঝা যাবে না। জীবন সত্যিই সুন্দর!

প্রায় ১০ বছর প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ২ পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। এর আগে গত বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বাবা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন এই নায়ক।

সিনেমায় নিয়মিত অভিনয় করছেন সিয়াম। আগামী ২৮ তারিখ আসছে তার অভিনীত ‘দামাল’ ছবি। সিয়ামের স্ত্রী অবন্তী একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মিডিয়া কমিউনিকেশন বিভাগে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *