বছর ঘুরে আসছে সেই দিন (২৪ অক্টোবর)। যে দিনটি থাকবে পরীময়। কারণ, এই দিনেই পৃথিবীতে যাত্রা শুরু করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি।
প্রতিবছর বেশ জাঁকজমক আয়োজনে জন্মদিন পালন করেন এ নায়িকা। এবারও তেমনই প্রস্তুতি চলছে। তবে আসছে জন্মদিনটি বিগত বছরগুলোর চেয়ে পুরোপুরি ভিন্ন। কারণটি অনেকেরই জানা। আর তা হলো, এবার মা পরীর প্রথম জন্মদিন।
প্রতিবছর নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন পরীমণি। কিন্তু এবার তার একটি পূর্ণ পরিবার রয়েছে। স্বামী-সন্তান নিয়ে প্রথম জন্মদিনের আয়োজন করতে যাচ্ছেন নায়িকা। তার ইচ্ছা, ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন। সুতরাং দিনটির বিশেষত্ব শব্দে বর্ণনা করা মুশকিল।
এরমধ্যেই জানা গেলো, এবারের জন্মদিনে বিশেষ একটি উপহার পাচ্ছেন পরীমণি। সেটা হলো তার নতুন সিনেমার গান। যেটার শিরোনাম ‘তুই কি আমায় ভালোবাসিস’। এটি থাকছে পরী অভিনীত নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
নির্মাতা জুয়েল জানালেন, পরীর জন্মদিনেই সিনেমাটির প্রথম ঝলক কিংবা গান দর্শকের সামনে হাজির করতে চান। এটা নায়িকার প্রতি তার উপহারও বটে।
এদিকে সিনেমার টিমের পক্ষ থেকে এমন উপহারের খবর পেয়ে উচ্ছ্বসিত পরীমণি। বললেন, ‘সর্বকালের সেরা সারপ্রাইজ গিফট! আমি ধন্য। ধন্যবাদ টিম। ধন্যবাদ ক্যাপ্টেন আবু রায়হান জুয়েল। আমি সত্যিই খুব উত্তেজিত।’
রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। নাজির মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান।
আবু রায়হান জুয়েল বললেন, ‘এটি সিনেমার প্রথম গান। এছাড়া আরও চারটি গান রয়েছে। সেগুলো এক এক করে প্রকাশ্যে আসবে। তবে সেটা নতুন বছরের শুরুতে। আপাতত পরীমনির জন্মদিনের উপহার হিসেবেই এ গানটি প্রকাশ করা হচ্ছে।’
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে আগামী বছরের ২০ জানুয়ারি। সেই লক্ষ্যে প্রচারণা শুরু হবে পহেলা জানুয়ারি থেকে। এর আগে অবশ্য ২০ ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হবেন সিনেমার নির্মাতা-শিল্পী-কুশলীরা।
খ্যাতিমান লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গবিডি। সিনেমাটিতে পরীমণির সঙ্গে আছেন সিয়াম আহমেদ।
