চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ২০১০ সালে অনন্ত জলিলের ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকগ্রহণযোগ্যতা অর্জন করেন। বর্তমান সময়ে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রযোজক ও ব্যবসায়িক অংশীদার সাকিব সনেটের প্রেম করছেন ববি।
এ বিষয়ে জানতে চাইলে সম্প্রতি তিনি একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, একটা ভালো সম্পর্কে আছি। তাঁর সঙ্গে ফ্রেন্ডশিপে আছি। আমাদের এখনো বিয়ে হয়নি। কিন্তু আমরা একটা সম্পর্কে আছি।
বিয়ের প্রিপারেশন নিচ্ছেন কি? ববি বলেন, প্রিপারেশন? হাহাহা… সময় হলে হবে। বিয়ে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। অনেক বড় ব্যাপার! দুই পরিবারের বিষয় আছে। সামাজিক অনেক প্রসেস রয়েছে। আল্লাহ যদি চান হবে, না চাইলে হবে না। এমনিতেই বিয়ে ব্যাপারটায় আমার ভয় লাগে। সম্পর্ক যেন টিকে থাকে, সেটিই ভাবার বিষয় এখনকার সময়ে। তাই সময় নিচ্ছি। তবে এখন সব ফোকাস কাজ নিয়েই।
হলে দর্শকের ঢল, কেমন লাগছে? জানতে চাইলে তিনি বলেন, খুবই ভালো লাগছে। সিনেমা আমার হোক বা অন্য কারও- এই সুসংবাদ সবার জন্য মঙ্গলকর। আমি খুবই আনন্দিত। আমি অভিনন্দন জানাই। সিনেমা হলে দর্শকের ঢল পজিটিভ একটা ব্যাপার, শান্তির ব্যাপার। এটা চলমান থাকুক, এটা সর্বদাই চাই।
ববির কি এখনো নিজেকে প্রমাণ করার প্রয়োজন রয়েছে? ববি বলেন, ১০-১১ বছর ক্রস করছে কাজ করছি আমি। মাঝে তো কভিডের কারণে দুই বছর কোনো কাজ হয়নি কারোর। দর্শক-ভক্তরা প্রায়ই আমাকে নক করছেন। আরও কাজ দেখতে চান আমার। এরমধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি নিজেকে অন্যভাবে উপস্থাপনের জন্য। আমি মনে করি, ভিন্ন ধরনের গল্প আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো কিছু বয়ে আনবে।
