মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী হিসেবে পরিচিত এলিনা শাম্মী। তবে ইদানীং তাকে অভিনয়ে বেশি দেখা যাচ্ছে। তার পাশাপাশি চলছে নাটকের চিত্রনাট্য লেখার কাজ। তবে সর্বশেষ তাকে শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল। চরিত্রের ব্যাপ্তি কম হলেও অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের।
এ বিষয়ে এলিনা শাম্মী বলেন, ‘সিন্ডিকেট’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকের বিভিন্ন মতামত চোখে পড়েছে। অনেকেই বলেছেন আমার উপস্থিতি আরেকটু বেশি হলে ভালো হতো। যতটুকু সময় পর্দায় ছিলাম, তার চেয়েও বেশি প্রতিক্রিয়া পেয়েছি। দর্শক আমার অভিনয় পছন্দ করেছে। আমাকে নিয়ে লিখেছে। এসব দেখে ভালো লেগেছে।
এ সময়ে দর্শক সিনেমাহলে ফিরছে। আবার তারকাদের নিয়ে সমালোচনাও হচ্ছে। বিষয়টি কীভাবে দেখেন? তিনি বলেন, দেখুন অল্প সময়ে বেশ কিছু সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। একটির রেশ না কাটতেই সিনেমাহলে নতুন সিনেমা চলে এসেছে। এত সিনেমা রিলিজ হচ্ছে যে, দর্শক সময় করে উঠতে পারছে না। এ ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সমন্বয় করে মুক্তির তারিখ নির্বাচন করা উচিত ছিল। তাহলে দর্শক প্রতিটি সিনেমাই দেখত। কারণ আমরা বিনোদন চাই। তা ছাড়া সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর প্রতিটিই ভালো।
সঠিক প্রচার ও সমন্বয় সিনেমাকে ফ্লপ বানানোর উল্লেখযোগ্য কারণ। অন্যদিকে বিনোদন জগতের মানুষদের নিয়ে সমালোচনা হবেই। যে যত বড় তারকা তার দুর্নাম তত বেশি। যাকে মানুষ চেনে না তার ব্যক্তি জীবন নিয়ে কারও মাথাব্যথা নেই। আমাদের উচিত একজন তারকার কাজ দেখা, যার মাধ্যমে তারা তারকা হয়। ব্যক্তি জীবন নিয়ে চর্চা করলে তার কাজে প্রভাব পড়ে। তাই সমালোচনা হতে পারে কাজের, ব্যক্তির নয়।
বাণিজ্যিক ছবি নিয়ে আপনার কী ভাবনা? এলিনা শাম্মী বলেন, আমি যে কোনো ধরনের ছবিতে অভিনয় করতে রাজি। তবে শর্ত একটাই। ছবিতে অভিনয়ের জায়গা থাকতে হবে। যদি অভিনয় করা যায়, তাহলে বাণিজ্যিক ছবিতে কাজ করতে আপত্তি নেই।





