ছেলের নাম রেখেছি তিনজনে মিলে: বুবলী

চলতি মাসে প্রকাশ্যে আসে শাকিব-বুবলীর বিয়ে ও সন্তানের খবর। গোপনে বিয়ে করে তারা দীর্ঘদিন গোপন রেখেছিলেন। এমনকি সন্তান জন্মের খবরও প্রকাশ করেননি।

এই তারকা জুটির সন্তানের নাম শেহজাদ খান বীর। সদ্য একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই নামের পেছনের গল্প জানান বুবলী।

তিনি বলেন, ‘শেহজাদ খান নামটি দিয়েছে ছেলের বাবা। তার ইচ্ছা ছিল ছেলের নাম রাখবে। ওই সময় আমাকে নামের একটা তালিকা তৈরি করে দিতে বলেছিল। একটি তালিকা তাকে দিয়েছিলাম। এই নাম তালিকার এক নম্বরে ছিল। আমারও নামটা খুব পছন্দ। সে এই নামই পছন্দ করে। এই নামের একটা মানেও আছে। এটি আরবি শব্দ। অর্থ রাজার ছেলে। আর বীর নামটি আমি ও আমার মা মিলে দিয়েছি। নামটি দেওয়ার কারণও ছিল।’

বুবলী আরও বলেন, “আমি যখন ‘বীর’ ছবির শুটিং করি, তখন বাবু আমার পেটে। ওই অবস্থায় শুটিং করেছি। বলতে গেলে শুটিংয়ে বাবা, মা ও সন্তান—তিনজনই একসঙ্গে ছিলাম। আমি তাকে পেটে করেই ছবিতে ফাইট করেছি, গানে নেচেছি; কোনো সমস্যা হয়নি। বলতে পারেন বীরের মতোই শুটিংয়ে আমার সঙ্গে থেকেছে আমার সন্তান। তা ছাড়া জন্মের মাসটাও ছিল স্বাধীনতার—মার্চ। সব মিলেই আমি ও মা মিলে এই নাম রেখেছি।”

বর্তমানে মা-বাবার সঙ্গে থাকছেন বুবলী। নানা, নানি ও মামার সঙ্গে বীরের সখ্যতা ভালো বলে জানালেন তিনি। বুবলী বলেন, “আমার বাইরে নানা, নানি ও মামার সঙ্গে। সারাক্ষণ ‘নানুমা’, ‘নানুমা’ বলে ডাকে। আমি কিন্তু মাম্মি, ড্যাডি—এসব শিখাই না। মা, বাবা—এভাবে ডাকতে শেখাই।

পরিস্থিতির কারণে সে বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি চাইব বাংলাদেশি সত্তা যেন তার ভেতর থাকে। সে বাসায় ‘মা’, ‘বাবা’, ‘নানুমা’, ‘নানাভাই’ বলে ডাকে। নানুমার সঙ্গে একটু বনিবনা না হলে চুপ করে নানাভাইয়ের কাছে গিয়ে বসে থাকে। মাঝেমধ্যে দুষ্টুমিও করে। বাসায় মা আমাকে সাধারণত ‘বুবন’ বলে ডাকেন।

কয়েক দিন আগে আমি আমার ঘরে। কোনো একটা কাজে মা আমাকে ‘এই বুবলী’ বলে ডাকছিলেন। ও আমার পাশে বসে গেম খেলছিল। মাকে ভেঙিয়ে সে ভাঙা ভাঙা গলায় বলছে, ‘এই বুবলী! এই বুবলী!’ হা হা হা। আমি ওর মুখে এ কথা শুনে কিছুটা ইমোশনাল হয়েছিলাম।”

বুবলী বলেন, আমি সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনই রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। বীর ছবির শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়।

তা ছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ—সবাই তো জানতেন। সুতরাং এটিকে তো গোপন বলে না। হয়তো সেভাবে দর্শক, ভক্ত বা সংবাদকর্মীদের সামনে বিষয়টি প্রকাশ করিনি। কিন্তু গোপন তো রাখিনি। আগেও আমাদের প্রেম ও বিয়েসংক্রান্ত একাধিক খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে তো আমরা একবারও কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *