ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেতাদের একজন শরিফুল রাজ। এরইমধ্যে দুটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলতি মাসের ২৮ তারিখ প্রেক্ষাগৃহে আসছে তার নতুন ছবি ‘দামাল’।
এখানে তিনি পর্দায় আসবেন নতুন রূপে। তাকে নিয়ে সবার প্রত্যাশা একটু বেশিই। স্ত্রী পরীমণিও চাইছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’র মতো ‘দামাল’ও সফল হোক। হ্যাটট্রিক করুক রাজ।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, “আমি চাই ‘দামাল’ও ‘পরাণ’ ও ‘হাওয়া’র মতো সুপার হিট হোক। হিটের দিক দিয়ে হ্যাটট্রিক করুক রাজ। পরপর তিনটা ছবি সুপার হিট! ভাবতে ভালোই লাগবে।”
রাজকে নিয়ে এ নায়িকা আরও বলেন, ‘নিজের মানুষের সাফল্যে সব থেকে খুশি তো আমিই হব। সবাই এখন যেমন রাজকে ভালোবাসছে। আমি চাই এভাবেই যেন ভালোবাসে। ওর সাফল্য আমাকে ভীষণ গর্বিত করে।’
মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে ‘দামাল’-এর গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।
রাজ ছাড়াও এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।
