সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম, সিনেমাপাড়ায় ব্যাপকভাবে চর্চিত হচ্ছেন তিনি। এবার তাকে নিয়ে কথা বলেছেন অভিনেতা জায়েদ খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শাকিব খানের ওপর একা দোষ চাপানোর পক্ষে নন তিনি। শিল্পীদের নানা বিষয় নিজেদের মধ্যে সমাধান করে নেয়া উচিত বলেও মনে করেন জায়েদ।
তিনি বলেন, একজন শিল্পী যদি তৈরি হয়, সে তখন নিজের থাকে না, সে পাবলিক প্রোপার্টি হয়ে যায়। শিল্পীদের এই ব্যাপারগুলো দরজা আটকিয়ে বেডরুমের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। সাংবাদিক পর্যন্ত আসা কখনোই উচিত না। এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে রাজ্জাক ভাইদের আমলে। আমি শুনেছি শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার কারণে।
রাজ্জাক ভাই-ফারুক ভাই, সোহেল রানা সাহেব, শাবানা আপাদের বিষয় কেউ জানতো না। জানতেই দেয়নি সাংবাদিকদের। বাসাতেই শেষ করে দিয়েছে।
জায়েদ খান আরও বলেন, এক শাকিব খানের দোষ দিয়ে আপনি কী করবেন? যে মেয়ে জানছে, তার (শাকিব) আরও দুইজন বউ আছে- কথার কথাই ধরে নিলাম, সে যদি তিন নম্বর-চার নম্বর বউ হতে চায়, সেটাও তার প্রবলেম! প্রবলেম যে কারও একার তা না। এই জিনিসগুলো আসলে নিজেদের মধ্যে সমাধান হতে পারে।
শিল্পীদের উদ্দেশ্যে জায়েদ খান বলেন, আমি শিল্পীদের প্রতিনিধি হিসেবে বলতে চাই, শিল্পীদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত। মানুষকে জানানো উচিত না। বিতর্কিত ইস্যুগুলো ভেতরেই শেষ হয়ে যাওয়া উচিত। কারও স্ত্রী বা তার প্রেমিকার সঙ্গে মতবিরোধ হতেই পারে। তাকে ফোন করে ডেকে এনে রুমের মধ্যে এটা শেষ করে দেয়া উচিত।
