হানি জীবনের অংশ, ওরে সন্তানের মতো ভালোবাসি: তমা মির্জা

‘পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য আমাদের পোষা প্রাণী ‘হানি’। তাকে নিয়ে অনেক কিছু লেখা বা তার ছবি দেওয়া হয় না। কারণ এই অনুভুতি সবাই বুঝবে না, অনেকে নানা ধরণের খারাপ মন্তব্য করবে যেটা আমাদের জন্য কষ্টদায়ক।

কিন্তুু আজকে ‘হানির’ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। ডাক্তারের ভাষ্যমতে হানির ব্রেস্ট ক্যানসারের সব লক্ষণই স্পষ্ট (যেহেতু বাংলাদেশে প্রাণীদের উন্নতমানের অনেক যন্ত্রপাতি নেই) তাই এটা মাথায় রেখে অপারেশন করে আগে ওকে রিস্ক মুক্ত করতে হবে। শুক্রবার হানির অপারেশন করা হবে।

ওর সাথে আটটি বছর কখন যে চলে গেল আর মেয়েটা অনেক বড় হয়ে গেল টেরই পেলামনা। জীবনের ভালো সময়গুলোতে অনেকের মতো সেও আমার পাশে ছিল কিন্তু খারাপ সময় শুধু পরিবার আর হানিকেই পাশে পেয়েছি।

এখনও আমার মন খারাপ বা আমার চোখে পানি দেখলে অনেক প্রশ্ন চোখে নিয়ে নিজেও মন খারাপ করে বোঝার চেষ্টা করে কি হয়েছে আমার। কারো কাছে যেতে চায়না চুপ করে আমার পাশে বসে থাকে আর আমার মুখের দিকে তাকিয়ে থাকে। এ চাহুনি আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তখন আপনার নিজের কষ্ট ভুলে মনে হবে বোবা প্রাণীটাকে আগে বুকে টেনে নেই।

‘হানি’ আমার এমন এক সঙ্গী যাকে আমি সন্তানের মতো ভালোবাসি। আমার জীবনের একটা বড় অংশজুড়ে ‘হানি’। আমি ওকে কখনোই হারাতে চাইনা।অনেক কিছু হারিয়েছি এই ছোট্ট জীবনে, কিন্তু কখনো ভেঙে পরিনি। কিন্তু আজ ওকে হারানোর ভয় যেনো আমাকে ‘জীবন’ নিয়ে অনেক ভাবাচ্ছে।

একদিন ওকে চলে যেতে হবে আমি জানি কিন্তু ওর স্বাভাবিক চলে যাওয়া চাই এভাবে কষ্ট পাবে হানি এটা আমি দেখতে চাই না, দেখতে পারবোওনা। আমার হানির জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসে। আবার যেন আমার কোলে ঘুমায় খেলা করে, আবার যেন ওর মুখে হাসি দেখে আমিও হেসে উঠি। আরো অনেক কিছু বলতে মন চাচ্ছে কিন্তু……’

অভিনেত্রী তমা মির্জা
ফেসবুক থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *