চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির নাম জড়িয়ে গুঞ্জন চলছে কয়েক মাস ধরেই। তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন।
মঙ্গলবার সেই গুঞ্জনে নতুন মাত্রা পেয়েছে। একটি সূত্র মারফত দাবি করা হচ্ছে, ধর্ম পাল্টে গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি।
এই খবরে খুব ক্ষেপেছেন ‘পোড়ামন ২’ ছবির নায়িকা। তিনি দেশের প্রচলিত আইনে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া একটি দীর্ঘ পোস্টে এ কথা জানিয়েছেন পূজা।
পরে এ বিষয়ে যোগাযোগ করা হয় এই দুই তারকার সঙ্গে। কিন্তু শাকিব-পূজাকে ফোনে পাওয়া যায়নি। তাদের মন্তব্য পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা চেরি মা ঝর্ণা রায়।
তার ভাষ্য, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’
ঝর্ণা রায় আরও বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি।
বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কি মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কি অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি- আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’
