আমি আইনগত ব্যবস্থা নেবো: পূজা চেরি

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও পূজা প্রেমে মজেছেন- এমন গুঞ্জন অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল সিনেমা পাড়ায়। ২৭ সেপ্টেম্বর বুবলী বেবি বাম্পের ছবির পোস্ট করার পর শাকিব-পূজার প্রেমের গুঞ্জন আরও দৃঢ় হয়।

এরপর ছড়িয়েছে আরও নানা কথা। শাকিব-পূজার বিয়ের গুঞ্জনও শোনা গেছে এর মধ্যে। মঙ্গলবার আরও একটি গুঞ্জন ছড়ায় ফেসবুকে। গুঞ্জনটি নিয়ে সংবাদও প্রকাশ করেছে দেশের কিছু সংবাদমাধ্যম।

মঙ্গলবার দুপুরে গুঞ্জন ওঠে, ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন শাকিব-পূজা। এমনকী পূজা নাকি তার সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলামগ্রহণ করেছেন।

এমন গুঞ্জনের পর পূজা মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার ভেরিফায়েড ফেসুবক পেজে জানিয়েছেন, এসব সত্য নয়। বরং এই গুঞ্জনে তিনি বিরক্ত। তাই আগামীতে যদি কেউ তার নামে ভিত্তিহীন খবর ছড়ায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন।

ফেসবুকে পূজা চেরি লেখেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’

গুঞ্জন প্রসঙ্গে পূজার ভাষ্য, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত বলেও জানালেন পূজা। তিনি মনে করছেন, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন।

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তরুণ এই নায়িকা লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *