অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মাস পর থেকেই কোনো অনুষ্ঠানে দেখা যায়নি পরীমনিকে। অবশেষে বিরতির পর চেনা রূপে পরীমনিকে পাওয়া গেল শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায়।
এদিন ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে বসেছিল এই আয়োজনের প্রথম আসর।
চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। চরকি অ্যাওয়ার্ড উপলক্ষে তারকাদের মেলা বসেছিল। পরীমনি হাজির হয়েছিলেন অভিনেতা শরীফুল রাজের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন তিনি। তার পড়নে ছিল বটল গ্রিন গাউন। প্রায় এক বছর পর কোনো অনুষ্ঠানে পাওয়া গেল তাকে।
পরীমনি জানান, চরকির পক্ষ থেকে সন্তানসহ তিনজনকেই দাওয়াত কার্ড পাঠানো হয়েছিল। এদিনের আয়োজন প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেক দিন কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না। চিন্তা করলাম, চরকি তো আমার পরিবারের মতো। শ্বশুরবাড়িও বলতে পারেন, বাবার বাড়ি বলতে পারেন। কারণ, আমাদের বিয়ের উকিল বাবা চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তাই কোনো কিছু না ভেবে চলে গেলাম অনুষ্ঠানে। তা ছাড়া অনুষ্ঠানস্থল বাসা থেকে মাত্র ৫ থেকে ৬ মিনিটের রাস্তা। বেশি দূরে হলে হয়তো বাবুকে রেখে যাওয়া হতো না।
