দেশে গণতন্ত্র ফেরাতে হাজারো নেতাকর্মী প্রাণ দেবে: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র ফেরাতে দলের হাজারো নেতা-কর্মী প্রাণ দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।’

তিনি আরও বলেন ‘এজন্যে আমরা যেমন জীবন দিয়েছি। আমাদের ইতোমধ্যে ৭ জন প্রাণ দিয়েছে। আমরা হাজারো লোক প্রাণ দেব। গণতন্ত্রকে অবশ্যই ফিরিয়ে আনব।’

সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘নতুন তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন পার্লামেন্ট ইলেকশন দেন। তারা নতুন করে সরকার গঠন করবে, দেশে নতুন একটা সরকার ব্যবস্থা চালু হবে। এখনো সময় আছে সেটা করেন। তা না হলে পালাবার পথও খুঁজে পাবেন না।’

বিএনপি মানুষের মধ্যে যাওয়া শুরু করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও আমাদের নিন্দুকেরা বলেছে, বিএনপির কোনো চিহ্ন নাই। আমাদের হাঁটু ভাঙা। এখন তারা বলছে, বাবা, তোমরা ধমক দিয়ো না। আমাদের আমানউল্লাহ আমান ধমক দিয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। আরে, ভয়ের কোনো কারণ নাই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এখনো সময় আছে সেফ এক্সিট করেন, চলে যান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন।’

মির্জা ফখরুল আজ বলেন, এই সরকার জাতির এত বড় ক্ষতি করল, যা অতীতে আর কখনো হয়নি। এমনকি এরশাদ সরকারের আমলেও এত ক্ষতি হয়নি। হাসিনা সরকার মৌলিক কাঠামোগত সমস্যা তৈরি করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানউল্লাহ আমান।

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধরনের প্রশাসনে বিএনপির কিছু মনিটরিং সেল কাজ করছে। আওয়ামী লীগের কার কথায় কোর্ট চলে, কার কথায় পুলিশ চলে, কার কথায় হত্যাকাণ্ড চলে—সবকিছুর প্রমাণ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *