ছেলে যখন কাঁদে আমারও কান্না পায়: পরীমণি

পুত্রসন্তানের মা হয়েছেন আজ দুই মাস। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মের পর থেকেই পুরো সময়টা তাকে নিয়েই কাটে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির।

মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো দারুণ অনুভব করছেন নায়িকা। আর সেটা আবারও জানা গেল পর পরীমণির কথায়।

একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তিনি অনেক দয়ালু। সেজন্য সন্তানের মা হতে পেরেছি। স্বামী রাজ, পুত্র রাজ্যসহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি।

পরীমণি বলেন, আমার এখন পুরো সময় সন্তানের সঙ্গেই কাটছে। এইমাত্র রাজ্য ঘুমাল। ও ঘুমিয়ে যাওয়ার পর আমার সময় বের হয়। রাজ্য যখন জেগে থাকে আমিও জেগে থাকি। রাজ্য যখন হাসে আমিও হাসি। আর যখন কাঁদে আমারও কান্না পায়। এটা একটা নতুন জীবন। এই জীবন নিয়ে আমি হ্যাপি।

তিনি বলেন, মাতৃত্ব সুন্দর, কিন্তু জার্নিটা খুব কঠিন। আমার তো খুব ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে না। কিন্তু এখন যখন সন্তানকে সময় দিই, সন্তান যখন হাসে, খেলে, কান্না করে, তাকিয়ে থাকে, আমি তখন ভাবি- আমার মা এভাবেই হয়ত আমাকে সময় দিয়েছেন। আমি মাকে আগে যতটা না মিস করতাম, রাজ্যর জন্মের পর বেশি করে মিস করছি। মনে হচ্ছে মা কাছেই আছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *