চরকি অ্যাওয়ার্ডস-২০২২ জিতলেন ঢালিউড তারকা শবনম বুবলী। আরও একটি সেরা অভিনেত্রীর পুরস্কার যোগ হলো তার ঝুলিতে। শনিবার (৮ অক্টোবর) এ পুরস্কার পান তিনি।
‘টান’ চলচ্চিত্রে অভিনয় করে ‘ক্রিটিকস চয়েস’-এ সেরা বুবলী। জুরি বোর্ড, আয়োজক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবি পোস্টও করেছেন এ তারকা।
এ সিনেমার পরিচালনা করেন রায়হান রাফি। বুবলীর বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ।
কার্নিভ্যাল নিয়ে বিনোদনজগতের তারকাদের মধ্যে বেশ আগ্রহ ও উদ্দীপনা ছিল। গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চরকি কার্নিভ্যালের অভিনব আমন্ত্রণপত্র নিয়ে আলোচনাও হয়েছে।
এ বছরই প্রথম চরকি এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের চমক দেখালেন। চরকির এক বছর পূর্তিতে এ আয়োজন। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসেছিল এই আয়োজনের প্রথম আসর।
সেখানেই চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। চরকি অ্যাওয়ার্ড উপলক্ষে তারকাদের মেলা বসেছিল। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা যেমন উপস্থিত ছিলেন, তেমনি অভিনয় ও সংগীতাঙ্গনের কয়েক প্রজন্মের শিল্পীরা ছিলেন অতিথির আসনে।
অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিও ছিল ব্যাপক। তারিক আনাম খান, নিমা রহমান, সামিনা চৌধুরী, জয়া আহসান, মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, সালাহউদ্দিন লাভলু, রোকেয়া প্রাচী, আরিফিন শুভ, পরীমনি, নাঈম, নাদিয়া, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদ, নাবিলা, জিয়াউল রোশান, মামনুন ইমন, কনা, রুনা খান, সিয়াম, শরীফুল রাজদের উপস্থিতিতে মিলনায়তন ছিল তারার আলোয় আলোকিত।
