বছরের শুরুতে মা–বাবা হওয়ার খবরটি জানিয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু সন্তানকে নিয়ে এই দুই তারকাকে দেশের কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি। তাঁরা দুজন প্রথমবার দেশের কোনো অনুষ্ঠানে সন্তানদের নিয়ে অংশ নিলেন। হাঁটলেন রেড কার্পেটেও।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইডে আয়োজন করা হয় চরকি কার্নিভ্যাল। এই আয়োজনে পুরস্কৃত করা হয় চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা শিল্পী ও কলাকুশলীকে। পুরস্কার প্রদান শুরুর আগে তারকাদের নিয়ে ছিল রেড কার্পেট, সেখানে সন্তান ইলহামকে নিয়ে হাঁটেন ফারুকী ও তিশা।
অনুষ্ঠান শেষে তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি স্থিরচিত্র পোস্ট করে লেখেন, ‘প্রথমবার রেড কার্পেটে ইলহাম। চরকি অ্যাওয়ার্ডে আমাদের অসাধারণ সময় কাটল। আলহামদুলিল্লাহ।’
অন্যদিকে ফারুকী লিখেছেন, ‘প্রথমবার কোনো পাবলিক প্রোগ্রামে ইলহাম। আজ রাতে চরকি অ্যাওয়ার্ডে। আমি শঙ্কায় ছিলাম, কারণ এই ধরনের তার মানিয়ে নেওয়াটা কঠিনই হতে পারে। কিন্তু ও খুব চমৎকারভাবে মানিয়ে নিয়েছে।’
এদিকে ইলহামসহ তিশা ও ফারুকী যখন চরকি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢোকেন, তখন বিনোদন অঙ্গনের অন্যরা ছোট্ট ইলহামকে নিয়ে মেতে ওঠেন। তিশা ও ফারুকী পুরোটা সময় বেশ উপভোগ করেন। অনেকে তাঁদের সঙ্গে ছবিও তোলেন।
উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী। চলতি বছরের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।
