দেশের নন্দিত দুই অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। প্রায় একই সময়ে দুজনের পথচলা। মঞ্চ থেকে টিভি, সিনেমা–সবখানেই অভিনয় করে বহুমাত্রিক চরিত্র দিয়ে জয় করেছেন দর্শকের মন। তারা মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালক হিসেবেও।
এবার প্রথমবারের মতো দুজন কাজ করতে যাচ্ছেন একই ওয়েব সিরিজে। এর আগে তারা নাটকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। একজনের পরিচালনায় আরেকজন কাজ করেছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম এক হলেন তারা। গৌতম কৈরী পরিচালিত এ সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
আলফা আইয়ের প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মাণ হবে পাঁচ পর্বে। এতে প্রধান দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ।
সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ঠিক হয়ে গেছে শুটিংয়ের দিনক্ষণ। সোমবার থেকে শুরু হয়ে এক সপ্তাহ চলবে শুটিং। রহস্য থ্রিলার ঘরানার সিরিজটিতে অভিনয়ে আরও থাকবেন সানজিদা প্রীতি ও তানজিকা আমিন। শুটিংয়ের আগে নিজেদের চরিত্র, সংলাপ ঝালাই করতে একত্রে বসেছিলেন সিরিজের নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
মাস তিনেক আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে পাওয়া গিয়েছিল আরেকটি ছবি। সেখানে জাহিদ হাসানের পাশে ছিলেন মাহফুজ আহমেদ। এ প্রতিষ্ঠানের ব্যানারে একটি সিরিজে জাহিদ-মাহফুজের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। পরিচালনায়ও ছিল গৌতম কৈরীর নাম। তবে কি সিরিজটিতে মাহফুজের বদলে তৌকীর আহমেদ যুক্ত হলেন? প্রযোজক শাকিল বলেন, ওটা আলাদা প্রজেক্ট। শিগগিরই ওটার ব্যাপারেও ঘোষণা আসবে।
অনেক দিন হলো অভিনয় ও পরিচালনা থেকে দূরে আছেন তৌকীর আহমেদ। মাঝে কিছুদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে সম্প্রতি ফিরেছেন দেশে। থাকবেন মাস দুয়েক। এর মধ্যে কয়েকটি ওয়েব কনটেন্ট ও নাটকে অভিনয় করবেন। নতুন সিনেমা নির্মাণের কথাও চলছে।
এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘মাস দুয়েক দেশে আছি। দু-একটি কাজে অভিনয় করার চেষ্টা থাকবে। পাশাপাশি সিনেমা নির্মাণের প্রস্তুতি নেব। আগামী বছর শুট শুরু করব।’
