দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জের পাকু‌ন্দিয়ায় ছাত্রলী‌গের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পে‌য়ে দুধ দি‌য়ে গোসল ক‌রে আর রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন মো. আর‌মিন আহ‌মেদ না‌মে এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আরমিন। মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭ মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত ১ বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।

আরমিন লেখেন, ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারও কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় পাকুন্দিয়াসহ সারাদেশে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘোষিত হওয়া পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা কথাবার্তা চলছে।

জানা যায়, দীর্ঘ ১২ বছর পর গত বুধবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আরমিন আহমেদকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ বলেন, ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *