শোবিজ অঙ্গনের গুঞ্জন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। গত বছর সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সখ্য তৈরি হয় পূজার।
নানা মাধ্যমে জোর গুঞ্জন, পূজাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছিল। তবে এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি বিষয়টি অস্বীকার করেছেন পূজা নিজেও।
শোনা যাচ্ছিল, এই ইস্যু নিয়ে পূজা ও বুবলীর মধ্যে তৈরি হয়েছে দা-কুমড়ো সম্পর্ক। তবে সংবাদমাধ্যমকে বুবলী সম্পর্কে পূজা বললেন সম্পূর্ণ ভিন্ন কথা।
তিনি বলেন, বুবলী আপুর সাথে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজেটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সাথে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।
তবে এতোদিন কেনো চুপ ছিলেন এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে।
পূজা আরও বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন সবাইকে বলতে চাই, সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।
শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করবো।
