রংপুরে নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোহেল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্ৰামের ফজলুর রহমানের ছেলে। এর আগে মঙ্গলবার রাতে হারাগাছ পৌরসভার বানুপাড়া কলেজ মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর সোহেল হাতীবান্ধা থেকে হারাগাছে আসেন এবং নগ্ন ভিডিও পরিবারের কাছে দেখানোর ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। ৩ অক্টোবর রাত ১১টার দিকে আবারও হারাগাছে গিয়ে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন সোহেল। এ সময় তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেলকে আটক করেন। পরে পৌর কাউন্সিলরের পরামর্শে আটক সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়।

মামলার বাদী ওই গৃহবধূ জানান, প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয় সোহেলের সঙ্গে। এ সময় নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন সোহেল। একপর্যায়ে সোহেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে ওই নারীর (গৃহবধূর) নগ্ন ভিডিও ধারণ করেন সোহেল। এরপর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান কবির বলেন, সোহেল নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়েছিলেন কি-না তা তদন্তে জানা যাবে। তাকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য মামলার বাদীকে মঙ্গলবার রাতে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী সোহেলকে আসামি করে মামলা করেন। সোহেলকে গ্রেফতারের পর আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *