বাংলাদেশের সিনেমার হালহকিকত বিশ্বের নির্মাতাদের সামনে তুলে ধরতে মিশরে এক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।
কায়রোর আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিজ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত। ওই উৎসবে বালাদেশের সিনেমা নিয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছাড়েন জলিল ও বর্ষা।
জানা গেছে, মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে দেশটির রাজধানী কায়রোয় এ উৎসবের ৩৮তম আসর বসবে। সেখানে বাংলাদেশ থেকে ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা।
এ প্রসঙ্গে অনন্ত জলিল সংবাদমাধ্যমকে জানান, ‘এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। এটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য একটা বড় পাওয়া।’
তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেশি কোনো সেলিব্রেটি হিসেবে অফিশিয়াল ইনভাইটেশনে মিশরের কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি। এতে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই বাংলাদেশের সিনেমাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে, হয়তো সব দেশে সম্ভব হবে না। মালয়েশিয়ায় আমাদের সাফল্যের কথা ইতোমধ্যে জেনেছেন।’
চলতি বছরের ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এটি নির্মাণ করেন সিনেমার পরিচালক-প্রযোজক মুস্তফা অতাশ জমজম। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।
