সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার দামোদরপুরের সুবল চন্দ্রের থেকে রতন চন্দ্র ও নারায়ন চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র।
সোমবার রাত সোয়া ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সর্দার সামসুজ্জামান।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার লিটন চন্দ্র (২৫) রতন চন্দ্র, পবিত্র চন্দ্র, ভোলা চন্দ্র, সাহেব আলীর ব্যাটারিচালিত ভ্যানে করে তারাগঞ্জে পূজা দেখে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী ভ্যানটি খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা ৫ জন সড়কে ছিটকে পড়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোঃ মাহাবুব মোরশেদ বলেন, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। রাস্তাটি ফাঁকা থাকায় ঘাতক বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
