ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না অপু বিশ্বাস

গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে শবনম বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিনেত্রী বুবলী সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই শুরু হয় তোলপাড়। সন্ধ্যার মধ্যেই খবর আসে সন্তানের মা হয়েছেন তিনি।

এরপর মাঝ রাতে শাকিবের বাসায় ছেলে ‘আব্রাম খান জয়’র জন্মদিন উদযাপন করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদেরও দেখা যায়।

এ ঘটনার দুই দিন পরে অর্থাৎ, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে বুবলী ও পরে শাকিব খান সন্তানের ছবি প্রকাশ্যে আনেন সোশ্যালের মাধ্যমে। পরে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

এদিকে পুরো ঘটনাটি নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তখন শাকিবের আরেক সন্তান আব্রাম খানের মা অপু বিশ্বাস কলকাতায়। গত বুধবার ভারতে যাওয়ার আগে অপু জানিয়েছিলেন, বাবা-মায়ের পিণ্ডি দিতে কলকাতায় যাচ্ছেন তিনি।

বুবলী ও শাকিবের সন্তানের খবর প্রকাশ্যে আসার পর গত শুক্রবার অপুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিজের ফেসবুকেও কোনো পোস্ট করেননি অভিনেত্রী।

শুক্রবারই তাঁর সঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন, ফেসবুক—কোথাও পাওয়া যায়নি তাঁকে। অবশেষে শনিবার দুপুরে পুনরায় ফেসবুক মেসেঞ্জারে অপুর সঙ্গে যোগাযোগ করে দেশের একটি গণমাধ্যম।

আলাপের শুরুতেই ব্যস্ততার কথা বলে ফোন রেখে দিতে চান, ‘অনেক ব্যস্ত সময় কাটছে। সঙ্গে অনেক মানুষ।’ আলাপের একপর্যায়ে বুবলীর প্রসঙ্গে তুলতেই, ‘হ্যালো…হ্যালো…নেট প্রবলেম’ বলে কল কেটে দেন অপু বিশ্বাস। এরপর অনেকবার চেষ্টা করা হলেও ফোন বা ফেসবুক মেসেঞ্জারে তাঁকে পাওয়া যায়নি।

তবে ভারতের আনন্দবাজার অনলাইনকে অপু বিশ্বাস জানিয়েছেন— গত ২৪ ঘণ্টায় অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কারও ফোন তুলছেন না তিনি। কেননা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই বলতে চান না বলে জানিয়েছেন ঢালিউড ক্যুইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *