সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরের পীরগাছায় রওশন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবীর বিরুদ্ধে।
শনিবার দুপুরের দিকে উপজেলার কৈকুড়ি মিঠাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রওশন ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রওশন মিয়ার সাথে বিগত দুই বছর আগে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। গত বৃস্পতিবার রওশন একটি মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে করবেন বলে জানান। তখন ভাবী আরিফা আক্তার ও স্বজনদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি পালিয়ে যায়। ওই রাতেই রওশন মিয়া বিষপান করেন।
পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে তার বোনের বাড়িতে গিয়ে ওঠেন রওশন।
এরপর শনিবার দুপুর একটার দিকে রওশন আবারো নিজ বাড়ি মিঠাপাড়া গ্রামে তার বাড়িতে গেলে ভাবী আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রওশন মারা যান। তার ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পরে খবর পেয়ে পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত ভাবী আরিফা আক্তার ও ভাই রতন মিয়াকে আটক করে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাবী ও ভাই রতন মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
