বিষয়টি শাকিব-বুবলীর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত: জায়েদ খান

চিত্রনায়ক শাকিব খান তিনদিন আগে তাঁর প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন।

ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে স্বীকার করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তাঁরা।

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

এদিকে শাকিব-বুবলীর মধ্যকার বিষয়টি নিয়ে সোশ্যালে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ। তাদের মধ্যে কেউ বিষয়টি নেতিবাচক দেখছেন, আবার কেউ ইতিবাচক হিসেবে দেখছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

এই অভিনেতা বলেন, সন্তানের জন্য শুভ কামনা। তবে তাদের দু’জনের মধ্যে যা হয়েছে বা হচ্ছে, আমি বলব তা যেন বাইরে না আসে। তারা তারকা হলেও এটা তাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।

উল্লেখ্য, বুবলীর বীরের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *