গত কয়েকদিন ধরেই শবনম বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে ভীষণ কৌতূহল দেখা যাচ্ছিল নেটিজেনদের মাঝে। আজ শুক্রবার সকালে বুবলী ও শাকিব খানের বিবৃতির পর যখন তারা অনেকটাই স্থির ঠিক তখন শোনা যাচ্ছে নতুন কথা। গুঞ্জন উঠেছে সন্তানের কথা স্বীকার করলেও আগেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর।
শাকিব-বুবলীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব ও বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।
তবে শাকিব-বুবলীর বিচ্ছেদের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্যও পাওয়া যায়নি। তাই খবরটি আপাতত গুঞ্জনই থেকে যাচ্ছে।
অনেক জল্পনার পর শুক্রবার দুপুর ১২টায় ফেসবুকে কয়েকটি ছবিসহ পোস্ট দিয়ে চিত্রনায়িকা বুবলী জানান, তার সন্তান শেহজাদ খান বীরের বাবা শাকিব খান। অভিনেত্রী লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’
নায়িকা আরও লেখেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
এর ২০ মিনিট পর শাকিব খানও তার ফেসবুকে একই ভাষায় একটি পোস্ট দিয়ে জানান, শেহজাদ খান বীর তার এবং বুবলীর সন্তান। তবে সন্তানের কথা স্বীকার করলেও কিং খান তার পোস্টে বুবলীর সঙ্গে বিয়ে বা বিচ্ছেদ নিয়ে কিছুই লেখেননি। তাই ঘটনা আসলে কী, তা জানা যাবে দুই তারকা মুখ খুললেই। জানা গেছে, বুবলী শিগগিরই গোটা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
এর আগে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন শাকিব খান। সেই ঘটনা প্রকাশ পায় ২০১৭ সালে। সে সময় সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি টিভি চ্যানেলে হাজির হন অপু বিশ্বাস। কেঁদে কেঁদে প্রকাশ করেন তার সঙ্গে শাকিব খানের বিয়ে ও সন্তান জন্মদানের কথা। এর কয়েক মাস পরই অপুকে তালাক দেন শাকিব।
