সিনেমার মতো টিভি নাটকেও জুটি বেঁধে অভিনয়ের প্রচলন শুরু হয়েছে। আর এই জুটি প্রথার নেতৃত্ব দিচ্ছেন অল্প কয়েকজন অভিনয় শিল্পী। তাদের মধ্যে অন্যতম জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। এই জুটিকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ হচ্ছে।
নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাবিলা নূর বলেন, অনেকের সঙ্গেই অভিনয় করেছি। অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেক নাটক করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। ভীষণ সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে। অভিনেতা হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও ভালো। আমার ক্যারিয়ারে তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ।
কোন ধরনের গল্প অথবা চরিত্রের প্রতি দুর্বলতা কাজ করে? তিনি বলেন, অভিনয় করার সুযোগ আছে, চ্যালেঞ্জ নিতে পারব- তেমন চরিত্রের প্রতি দুর্বলতা আছে। নিদিষ্ট কোনো চরিত্র নয়, চ্যালেঞ্জিং কাজগুলো করতে চাই। নারীদের প্রায়োরিটি দিয়ে যেসব নাটক হবে, সেসব গল্পে কাজ করতে চাই। গত ঈদুল আযহায় নারীদের প্রাধান্য দিয়ে একাধিক গল্পের নাটকে অভিনয় করেছিলাম। যা খুব প্রশংসিত হয়েছে।
টানা ২ মাস দেশের বাইরে ছিলেন, কীভাবে সময় কাটালেন? সাবিলা নূর বলেন, যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। পারিবারিক টুরে ছিল। আমার বোন থাকেন সেখানে। বেশ কয়েকটি রাজ্যে গিয়েছি। অনেক ঘুরেছি। পরান ও হাওয়া সিনেমা দেখেছি। ২টি সিনেমায় ভালো লেগেছে।
অভিনয়ে ফিরছেন কবে? জানতে চাইলে সাবিলা নূর জানান, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। এর মধ্যে তিনটি গল্প বেশ ভালো লেগেছিল। তখন শিডিউল দিইনি। বলেছিলাম, দেশে ফিরে কাজ শুরু করব। হয়তো আগামী মাসেই সে কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ব।
