মঙ্গলবার বিকেল থেকে আলোচনা কেন্দ্রে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বলছেন—প্রকাশ্যে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলী।
বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন এই নায়িকা। এই বিষয়ে না জেনে কাউকে ভুল ব্যাখ্যা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এসময় সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন নায়িকা।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বুবলী তার ভেরিফায়েড পেজে বেবিবাম্পের ছবি পোস্ট করার পর মা হওয়া এবং তার সন্তানের বাবা কে তা নিয়ে চলছে আলোচনা। তবে সন্তানের বাবা নিয়ে কিছু বলেননি এই অভিনেত্রী।
রাতে রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেটে বুবলী সাংবাদিকদের বলেন, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কখনই কথা বলতে চাইনি। তারপরেও ফেসবুক পোস্ট দেখে আপনারা সবাই আমার খবর নিতে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। কিছু ব্যাপারতো আছেই। একটা ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে। সিনেমার জন্য যখন একটা স্ক্রিপ্ট লেখা হয় তখনও এর পিছনে অনেক ঘটনা থাকে। এই বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যেই সবার সাথে কথা বলবো। আজ যেহেতু আমি আরেকটা সিনেমার শুটে আছি। তাই এখন তাদের বিরক্ত হোক সেটা চাচ্ছি না।
বিষয়টিকে সেনসেটিভ উল্লেখ করে বুবলী বলেন, এটা খুব সেনসেটিভ একটা বিষয়, অনেক ইমোশোনাল একটা বিষয়। আমি যেহেতু মুসলিম আমার কাছে সবকিছুর একটা ব্যাখ্যা আছে। সবকিছু সুন্দর শালীনভাবেই হয়েছে। আমি নিজে থেকেই সবকিছু বলবো। সবাইকে হাতজোড় করে অনুরোধ করবো, না জেনে কেউ ভুল ব্যাখ্যা করবেন না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন বুবলী। কয়েকবার তাকে চোখ মুছতেও দেখা গেছে।





