অবশেষে ‘বেবি বাম্প’ নিয়ে মুখ খুললেন নায়িকা বুবলী

ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন। যার একটি দেখে নেটিজেনরা মনে করছেন তিনি অন্তঃসত্ত্বা।

ছবিটি কবেকার সে বিষয়ে পোস্টে কিছু জানাননি বুবলী। তবে ধারণা করা হচ্ছে ছবিগুলো আগের। কারণ, বুবলী এখন অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমায়। সিনেমার শুটিংয়ে তাকে স্বাভাবিক দেখা গেছে।

স্ট্যাটাসটি দেয়ার পরপরই বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন না ধরলেও সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেসময় তিনি ছিলেন চাদর সিনেমার শুটিংয়ে।

মা হওয়ার গুঞ্জন ও ফেসবুকে দেওয়া ছবির বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, “আমি কখনও ব্যক্তিগত বিষয় সামনে আনতে চাই না। তারপরও সাংবাদিক এবং সাধারণ দর্শকের জানার আগ্রহ থাকে, সেই জায়গা থেকে যদি বলি, কিছু ব্যাপার তো আছেই। বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন, এজন্য ধন্যবাদ; কারণ ঘটনার পেছনে তো ঘটনা থাকে।

চিত্রনাট্য যখন লেখা হয়, সেটার পেছনে কিন্তু আরেকটা চিত্রনাট্য থাকে। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলবো, কিন্তু আজ যেহেতু ‘চাদর’ সিনেমার সেটে আছি, এটা নিয়েই কথা বলি। ব্যক্তিগত বিষয়ে কয়েকদিনের মধ্যেই কথা বলবো সবার সঙ্গে।”

প্রসঙ্গটিকে স্পর্শকাতর দাবি করে বুবলীর ভাষ্য, ‘সবার কাছে অনুরোধ, সবকিছু না জেনে কোনও নিউজ করবেন না প্লিজ। এটা খুব সেনসিটিভ এবং ইমোশনাল একটি ইস্যু। আর আমি একজন মুসলিম মানুষ, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর-শালীনভাবেই হয়েছে। আমি সেটা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার করবো। এখন আপনারা কোনও ভুল ব্যাখ্যা দেবেন না।’

উল্লেখ্য, শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলী?

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।

যার ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তা তো সময়ই বলে দেবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *