দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। গত ১০ আগস্ট মা হয়েছেন তিনি। তাকে ঘিরে বাবা শরীফুল রাজ ও মা পরীমণির প্রতিটি দিন কাটছে আনন্দে। প্রতিটি দিনই তাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা।
সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।
তবে ডেলিভারির দিন কে প্রথমে তাকে ও রাজ্যকে দেখতে হাসপাতালে গিয়েছিল, সেটি দেড় মাস পর জানালেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। সঙ্গে ছিলেন পরীর স্বামী চিত্রনায়ক রাজ ও ছেলে রাজ্য।
বেশ কয়েকটি ছবি দিয়ে পরী ক্যাপশনে লিখেছেন, এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হাসপাতালে। ওইদিন নিজের হাতে এত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফট! তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। তোমার লাল শাড়ির জন্যে অনেক শুভকামনা।
উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা।
জানা যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। চলতি বছরের শুরুতেই পরী জানিছেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। তবে সন্তানের পুরো নাম জানান ছবি প্রকাশ করে।
