মায়ের চাওয়া আজ পূরণ হলো: অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবির নায়ক সাইমন সাদিক।

শনিবার (২৪ সেপ্টম্বর) সিনেমাটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মা-বাবাকে স্মরণ করেন অপু।

মহরতে অপু বিশ্বাস বলেন, ‘‘বছর দুই আগে আমাকে নিয়ে একটা কথা উঠলো, আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাই হোক, সেসব কথা আর মায়ের সাহসে আমি আজ এখানে।’

এই নায়িকা আরও যোগ করেন, “আমি মনে করি, যে কোনও সাকসেসফুল মানুষের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। অথচ মা আর আমার সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। আমি জানি, তিনি না থেকেও আমার সঙ্গেই আছেন।’’

‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠানে লাল শাড়ি পরেই হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। লাল পাঞ্জাবি পরে এসেছিলেন তার নায়ক সাইমন সাদিক।

অতিথি হিসেবে ছিলেন সোহানুর রহমান সোহান, সুব্রত, নিপুণ আক্তার, দিলরুবা দোয়েল, ইমন সাহা, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, বিপ্লব সাহা, দীঘি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *