সাফ চ্যাম্পিয়নদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা সেনাবাহিনীর

গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। তাদের সাফল্যে ভাসছে পুরো বাংলাদেশ।

তাদের এ সাফল্যকে নতুন মাত্রা দিতে শিরোপাজয়ী খেলোয়াড়দের ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। মেয়েদের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি ২৭ সেপ্টেম্বর দেয়া হবে সংবর্ধনা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শিরোপা জয়ের পর থেকেই পুরস্কার পাওয়ার সুখবর পাচ্ছেন সাবিনারা। চ্যাম্পিয়নদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

সাফজয়ী নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এর বাইরেও ব্যক্তিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনেক কর্মকর্তা আর্থিকভাবে পুরস্কৃত করেছেন নারী দলকে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ এবং সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ঘোষণা করেছেন আরও ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার।

সাফজয়ী ফুটবলারদের মধ্যে কেউ মাসে ১২ হাজার, কেউ ১০ হাজার, আবার কেউ পান ৮ হাজার টাকা করে। তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এ সম্পর্কে অধিনায়ক সাবিনা বলেন, ‘আমাদের তো চাওয়ার শেষ নেই। মূলত ফ্যাসিলিটিজ ও সম্মানীর বিষয়ে কথা বলেছি। সভাপতি স্যার আমাদের বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমরা একটা অঙ্ক বলেছি, ফেডারেশন সেটা দেখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *