মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি না জানি না: মোশাররফ করিম

দেশের অভিনয় জগতের দাপুটে তারকা মোশাররফ করিম। সিনেমা, টিভি নাটক, অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাবলীল অভিনয়ের কারণে দর্শকনন্দিত তিনি। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হয়ে। সেখান থেকে ফিরেছেন পরশুদিন। দেশে ফিরে অভিনয়সহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন খ্যাতিমান এই অভিনেতা।

মোশাররফ করিম বলেন, মালয়েশিয়া থেকে ফিরেই কলকাতায় গিয়েছিলাম। বেশ কিছুদিন ছিলাম কলকাতায়। কলকাতা দেখেছি, ঘুরেছি, নিজেকে দেওয়ার মতো করে কিছু সময় কাটিয়েছি!

কলকাতায় যাওয়ার কারণ জানিয়ে বলেন, একটি গেট-টুগেদার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। ওটিটি প্ল্যাটফরম হইচই ৫ বছরে পৌঁছেছে। তাই দুই বাংলার আমন্ত্রিতজনদের নিয়ে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে একটি মিলনমেলার আয়োজন করেছিল হইচই। সবমিলিয়ে ভালোই ছিল অনুষ্ঠানটি।

কোন তাগিদ থেকে অভিনয় করেন? জানতে চাইলে তিনি বলেন, আমি অভিনেতা। তাই যতদিন বাঁচি অভিনয়ই করতে চাই। আমি কাজটা করে আনন্দ পাই। আর এই আনন্দটা আমি সারা জীবন পেতে চাই। ভালো না লাগলে সেটা তো আমি করি না, করতে পারি না। মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। মাঝে মধ্যে অনেক ভক্ত দেখা করতে আসেন। একবার দুইবার দুর্ঘটনাও ঘটেছে। আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল তারা। আমি মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি না, তা ঠিক জানি না।

শিল্পী হিসেবে সব কাজ করেই কি সন্তুষ্ট থাকতে পারেন?, মোশাররফ করিম বলেন, অনেক কাজ করতে গিয়ে আমি অতৃপ্তও থাকি। সব কাজ যে আমাকে সেটিসফাইড করে এমন তো নয়। আমি খুব টেকনিক্যাল উত্তর দিতেও রাজি না যে, সব সন্তান আমার কাছে সমান! সব সন্তান তার পিতা-মাতার কাছেও সমান হয় না। সেটা সন্তানের কারণেই হয় না। একেকজনের ধরন তো একেক রকম। আর আমি কখনো আমার কোনো কাজ নিয়ে গলা বড় করে কিছু বলিওনি, এ ধরনের লজ্জা আমার আছে। তারপরও বেশ কিছু কাজ করে আমিও সেটিসফাইড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *