ভাইটা আমার সিনেমা দেখে যেতে পারল না: জয়া আহসান

‘বিউটি সার্কাস’ ই হতে যাচ্ছে প্রয়াত নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু অভিনীত শেষ সিনেমা। অভিনয়টা ঠিকভাবে করলেও ডাবিং করতে পারেননি। তার আগেই প্রয়াত হয়েছেন তিনি। হুমায়ূন সাধুর ডাবিংটুকু দিয়েছেন চিত্রনাট্যকার ও গীতিকার আব্রাহাম তামিম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্রটি। ইতোমধ্যে প্রচার শুরু করেছেন সিনেমাটির কলাকুশলীরা। এর আগে পোস্টার ও ট্রেলার প্রকাশ করার পর বেশ আলোচনায় চলে আসে চলচ্চিত্রটি।

‘বিউটি সার্কাস’ সিনেমায় জয়া আহসানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা হুমায়ুন সাধু। সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জয়া আহসান।

সাধুকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন জয়া। বলেন, ‘আহা রে, ভাইটা আমার সিনেমাটা দেখে যেতে পারল না। কী সুন্দর অভিনয় করেছে। এমন অভিনেতাকে আমি সবসময় মিস করব। শুটিং করার সময় অনেক আনন্দ নিয়ে শুটিং করেছি আমরা। কিন্ত ওই আনন্দ এখন শুধুই স্মৃতি। মনে হলে এখন মন খারাপ করে দেয়। এত ভালো অভিনয় করেও নিজের প্রথম সিনেমাটি দেখে যেতে পারল না। এটাই সবচেয়ে কষ্টের জায়গা। তবে তাকে আমরা সবাই ভীষণভাবে মিস করি। সে অনেক মিশুক স্বভাবের একজন মানুষ ছিল।’

তিনি আরও বলেন, ‘কাজের প্রতি খুবই ডেডিকেটেড ছিলেন হুমায়ুন সাধু। সিনেমার চরিত্র নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হতো। অনেক হাসিখুশি একটা মানুষ ছিল। ‘বিউটি সার্কাস’ সিনেমায় হুমায়ুন সাধুর চরিত্রটির নাম স্যাম। পুরো সিনেমাজুড়েই জয়া আহসানের সঙ্গে তাকে দেখবেন দর্শক।’

প্রসঙ্গত, ২০১৯ সালে হঠাৎ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান হুমায়ুন সাধু। তবে তার প্রতি সম্মান জানাতে ‘বিউটি সার্কাস’ তাকে উৎসর্গ করেছেন এই সিনেমার পরিচালক মাহমুদ দিদার। বিউটি নামে এক সার্কাসকন্যার টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’।

এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন গাজী রাকায়েত, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *