শিল্পী অমর থাকেন তাঁর সৃষ্ট শিল্পকর্মে। সারা জীবনে একজন শিল্পীর একটা শিল্পকর্মই হয়তো যথেষ্ট, যা তাঁকে বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মে। আর শিল্পী ও তাঁর শিল্পকর্ম দুটোই যখন অনন্য হয়ে যায়, তা গভীরভাবে গেঁথে যায় মানুষের মনে। বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একটা সৃষ্টি রূপবান।
সালাউদ্দিন পরিচালিত এই ছবিতে রূপবান চরিত্রে পর্দায় যিনি ছিলেন, তিনি সুজাতা। এখনো কাউকে জিজ্ঞেস করা হলে, ৫৭ বছর আগে মুক্তি পাওয়া রূপবান ছবিতে কে ছিলেন, এক মুহূর্তও সময় লাগবে না সুজাতার নামটি বলতে।
বর্তমানে কেমন আছেন একুশে পদকপ্রাপ্ত এ অভিনেত্রী? অভিমানের সুরে সুজাতা বলেন, আমাদের মতো শিল্পীদের আর কী খবর থাকতে পারে! চলছে কোনোরকম। এই প্রজন্মের অনেক নির্মাতাই আমাদের মনে রাখেননি। শিল্পীদের প্রধান কাজই হলো অভিনয় করা। এতেই আমরা পরিতৃপ্ত হই। আমাদের আনন্দ, বেদনা, দুঃখ সবকিছু অভিনয়কে ঘিরেই।
সুজাতা আরও বলেন, আমাদের মতো শিল্পীদের নিয়ে কোনো গল্প তৈরি হচ্ছে না। মা-বাবা, নানি, দাদি চরিত্রগুলোই সিনেমা-নাটক থেকে উধাও। অনেক নির্মাতা অবশ্য এর পেছনের কারণ বলতে স্বল্প বাজেটকেই দায়ী করেন!
এখন কী কোনো কাজ করা হচ্ছে? এ অভিনেত্রী বলেন, বর্তমানে কাজ বলতে খুব বেশি কিছু করছি না। কিছু ইউটিউবের জন্য নির্মিত নাটকে কাজ করি মাঝে মাঝে। মাঝখানে চ্যানেলের জন্য নির্মিত ধারাবাহিকে কাজ করা হয়েছে। তবে একটা বিষয় কী জানেন! আমাদের অভিনয়ের অভিজ্ঞতাকে কেউ কাজে লাগায় না।
