Home আলোচিত সেরা উপহার পেয়েছি, আগামী এক মাস কোনো শুটিং করব না: জোভান

সেরা উপহার পেয়েছি, আগামী এক মাস কোনো শুটিং করব না: জোভান

0
202

ক’দিন ধরে কাজের সুবাদে থাইল্যান্ডে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। সেখানে চার চারটি সিঙ্গেল নাটক ও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি একটি সিরিয়ালও করেছেন। দীর্ঘ সময় সেখানে কাটিয়ে শনিবার দেশে ফিরেছেন এই অভিনেতা। কারণ রোববার (১৮ সেপ্টেম্বর) ছিল জন্মদিন।

বিশেষ দিনে দীর্ঘদিন পর বাবাকে পেয়ে আবেগে আপ্লুত জোভান। ছোট পর্দার এ অভিনেতা এক জাতীয় দৈনিককে বললেন, ‘এবারের জন্মদিনে বাবা আমার সেরা উপহার।’

জন্মদিনে কী উপহার পেলেন, জোভান বলেন, ‘কেউ ফুল, কেউ পছন্দের কিছু গিফট করেছেন। অনেকেই কেক পাঠিয়েছেন। মা পছন্দের খাবার রান্না করেছেন। তবে সবকিছু ছাপিয়ে আমার কাছে সেরা উপহার ছিল বাবা। ১৫ বছর পর বাবা সেই আগের মতো মাথায় হাত দিয়ে সকালে উইশ করলেন। জন্মদিনের শুভেচ্ছা জানালেন। উপহার দিয়েছেন। বাবার এই স্পর্শ আমার জন্য অনেক বড় উপহার। এবারের জন্মদিনে বাবাকে কাছে পেয়েছি, এটাই বিশেষ। ভালো লাগছে।’

জোভানের বাবা থাকেন যুক্তরাষ্ট্রে। এ বছরের মাঝামাঝিতে দেশে ফিরেছেন। সেই ছোট জোভান এখন টেলিভিশনের জনপ্রিয় মুখ, তা নিয়ে বাবা বেশ গর্বিত। ছেলের পছন্দকে বাবা সব সময় সাপোর্ট করেন। জোভান জানান, তাঁর বাবা নিয়মিত তাঁর অভিনীত নাটকগুলো দেখেন।

জোভান বলেন, ‘একসময় এমন হয়েছিল যে দীর্ঘদিন বাবাকে না দেখার কারণে আমাদের কথা কম হতো। আমি ও বাবা উভয়েই অন্তর্মুখী মানুষ। মুখ ফুটে কিছু বলতে পারি না। এমনও হয়েছে, আমাদের অনেক দিন কথা হয়নি। এবার বাবা দেশে আছেন। আবার চলে যাবেন। ভাবছি, আগামী এক মাস কোনো নাটকে শুটিং করব না। পরিবার আর নিজেকে সময় দেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here