Home প্রধান খবর আমি জানি, আমার মেয়েই হবে: মাহি

আমি জানি, আমার মেয়েই হবে: মাহি

0
199

মা হতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি। বর্তমানে মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়। তবে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন মাহি। জানিয়েছেন তিনি ছেলে নাকি মেয়ে সন্তানের মা হবেন।

মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র মুক্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় এফডিসিতে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই নায়িকা তার মা হওয়া প্রসঙ্গে কথা বলেন। এমনকি, সন্তান হলে তার নাম কী রাখবেন তাও জানিয়ে দিয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানে সিনেমা প্রসঙ্গে কথা শেষ হওয়ার পর মাহির মাতৃত্বের বিষয়টি উঠে আসে। এ সময় নায়িকা বলেন, ‘আমি মা হতে যাচ্ছি, এটা আনন্দের খবর। আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি তা জানি না। আমার কাছে মনে হয়েছে, এত বড় সুখবর লুকিয়ে রাখা ঠিক হবে না। তবে বাসার সবাই বলেছিল, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এ বিষয়ে কথা বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, না বলে দেই।’

তিনি বলেন, মা হতে যাওয়ার এই অনুভূতির কথা বলে বুঝানো সম্ভব না। প্রথম তো! তবে আম্মু, আব্বু ও ওর (স্বামী রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।

এছাড়া সন্তানের নামের বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমার যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি, আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here