ছোট পর্দার এ প্রজন্মের অভিনেতা সিয়াম নাসির। ক্যারিয়ারে অনেক নাটকে অভিনয় করেছেন। অনেক দর্শকপ্রিয় নাটকও উপহার দিয়েছেন। তবে ‘নাইন অ্যান্ড হাফ’ নামে একটি নাটকে অভিনয়ের পর অল্প সময়ের মধ্যে দর্শকমহলে পরিচিতি লাভ করেন তিনি।
সিয়াম সারাবছরই কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তবে ঈদের পরে কাজের চাপ কিছুটা কম ছিল। কিন্তু এখন আবার আগের মতো সেই ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি সিয়াম একটি সংবাদমাধ্যমকে বলেন, ঈদের পরে কাজের চাপ কিছুটা কম ছিল। এখন আবার গতানুগতিক ধারায় আগের মতো কাজ শুরু হয়েছে। এখন কয়েকটি সিরিয়াল করছি। ‘আমাদের সঙ্গেই থাকুন’, ‘গরম মহল্লা’, ‘ঝড়ের পাখি’, ‘আমি বেকার’ প্রমুখ। সামনে আরও সিরিয়াল নিয়ে কথা হচ্ছে। আবার একক নাটকও করলাম কয়েকটি।
তিনি বলেন, নতুনদের থেকে শুরু করে সবার সঙ্গেই কাজ করা হচ্ছে। ব্যতিক্রমীও কিছু কাজ করা হচ্ছে। এছাড়া ওয়েবে কাজের বিষয়েও কথা চলছে। ইতোমধ্যে একটি ওয়েবে সাইনও করেছি। কিন্তু এখনো সেভাবে শুটিং শুরু হয়নি তার।
এই অভিনেতা তার আগের কাজের বিষয়ে বলেন, আগে যে ব্যাপারটা ছিল তখন মাথা গরম ছিল। এখন মাথা ঠাণ্ডা হয়েছে। ম্যাচিউরিটি আসছে। আগে ক্যামেরা-লাইট-লেন্স এসব বুঝতাম না। এখন বুঝি। ক্যারেক্টার নিয়ে চিন্তা করি। কতভাবে ব্যতিক্রমী করা যায় তা নিয়ে ভাবি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখন খুব পরিশ্রম করে কাজ করি।
সিনেমায় কাজের বিষয়ে এই অভিনেতা বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা করছি। সেটা দেখার পরে সিদ্ধান্ত নেব, কী করব। এটার উপর নির্ভর করবে, পরবর্তীতে কমার্শিয়াল সিনেমা করব, কি করব না। যদি আমি তরুণ পরিচালকদের থেকে কখনো প্রস্তাব পাই তবে তা করার চেষ্টা করব।
