প্রবাসীদের নিয়ে নতুন সিনেমা করার ঘোষণা দিলেন অনন্ত বর্ষা। মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’ মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুয়ালালামপুর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলন করেন এ জুটি। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের ডাইরেক্টর মোস্তাফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ড. হালিমা সাদিয়া এবং ডেইলি সংবাদের এডিটর সালাহউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে, মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’র মুক্তি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আগামীতে বাংলা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার আশাবাদও ব্যক্ত করেন এ জুটি।
অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই।
আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির প্রচারে এখন মালয়েশিয়ায় অবস্থান করছে অনন্ত-বর্ষা দম্পতি। মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছেন তারা।
এই তারকা দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’র প্রথম স্ক্রিনিং দেখবেন। তারা ১৮ সেপ্টেম্বরে জোহর বারুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন। প্রথম সপ্তাহে ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা আছে। বাংলাদেশিদের আগ্রহে আরও ৪ সিনেমা হল বাড়িয়ে ১৫ হলে এটি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায়স্থ বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও মালয়েশিয়ান প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
