দর্শকের সঙ্গে প্রেম করতে চাই: তমা মির্জা

নতুন একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। শেষ করেছেন একটি ওয়েব ফিল্মও। বর্তমানে হাতে রয়েছে একাধিক ওয়েব ফিল্ম।

এদিকে সম্প্রতি ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২১’–এ সমালোচক বিভাগে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন।

এরপরই ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে চলে যান এই অভিনেত্রী। সেখানে থেকেই কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন, তার ছুটি সব সময়ই ভালো কাটে। এখন দেশের বাইরে আছেন। তবে, দেশের ভেতরেই বেশি ভালো লাগে।

তিনি বলেন, আমার কাছে ছুটি কাটানোর জন্য সবচেয়ে ভালো জায়গা মনে হয় গ্রামের বাড়ি।

শোনা যাচ্ছে আপনি নতুন করে প্রেমে পড়ছেন? এমন প্রশ্নের উত্তরে তমা মির্জা বলেন, আপাতত অভিনয়ের সঙ্গে প্রেম করতে চাই। দর্শকের সঙ্গে প্রেম করতে চাই। এখন শুধু অভিনয় আর অভিনয়, আর কিছু নয়। আর প্রেমের গুঞ্জন তো হতেই পারে। প্রেম আছে বলে গুঞ্জনও আছে। প্রেম তো খারাপ না।

তিনি বলেন, আমার কাছে দর্শকের প্রত্যাশা বেড়েছে। দর্শক আমার কাছে ভালো কিছু চায়, ভিন্ন কিছু চায়। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা ও প্রত্যাশার কথা বলেন। এটা আমার ভালো লাগে, আমাকে ভাবায়। দর্শকদের সেই প্রত্যাশাকে মূল্য দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *