দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজের ছাপ ফেলেছেন আগেই। কেবল বাবার নামের পরিচয়ে নয়, গড়ে তুলেছেন নিজের আলাদা জগৎ। তিনি নুহাশ হুমায়ূন। যার প্রাপ্তির মুকুটে যুক্ত হতে যাছে আরেকটি পালক।
যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম হুলুর জন্য বাংলাদেশি কন্টেন্ট বানিয়েছেন নুহাশ হুমায়ূন। যার নাম খুব জলদি হুলু কর্তৃপক্ষ প্রকাশ করবে। বাংলা ও ইংরেজি ভাষায় প্রজেক্টটি নির্মাণ করা হয়েছে।
এর আগে ভারতীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের কনটেন্ট মুক্তি পেলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বাংলাদেশি কনটেন্ট।
এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নুহাশ। তবে সেখানে বিস্তারিত জানাননি তিনি।
শুক্রবার রাতে দেশে ফিরেছেন নুহাশ। দেশে ফিরে হোয়াটস অ্যাপে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই পরিচালক।
নুহাশ বলেন, ‘আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর নানা রকম পলিসি থাকে। তাই এখন বেশি কিছু বলতে পারব না। আমি আশা করছি সেপ্টেম্বরের শেষে বা নভেম্বরের শুরুতে অনেক তথ্য দিতে পারব।’
নুহাশ সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, তার নির্মিত সবচেয়ে অদ্ভুত কাজ হয়েছে সেটি।
এ নিয়ে জানতে চাইলে কিছু বলেননি নুহাশ। শুধু এটুকু জানিয়েছেন যে, ‘দেশের শিল্পীদের নিয়ে, দেশেই হয়েছে কনটেন্টেটির কাজ। আর এটি কোনো সিনেমাও না বা সিরিজও না। এটি সিঙ্গেল কনটেন্ট।’
