ঢাকাই চলচ্চিত্রে নায়ক ও খল নায়ক দুই জায়গাতেই যিনি সমান দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি অমিত হাসান। আজ ৯ সেপ্টেম্বর এই অভিনেতার জন্মদিন।
ঘরোয়াভাবে মায়ের সঙ্গে নিজের জন্মদিন পালন করবেন তিনি। আজকের দিনটি পরিবারের জন্যই বরাদ্দ রেখেছেন ঢাকাই সিনেমার তিন দশক অভিনয়জীবন পার করা এ অভিনেতা।
তার এবারের জন্মদিনের প্রাপ্তিটা অনেক বেশি। জন্মদিনে সবচেয়ে বড় গিফট পেয়েছেন অমিত হাসান। জন্মদিনে এবার তার পাশে রয়েছেন তার মা। আর মাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
অভিনেতা জানান, অভিনয়ের ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে জন্মদিনটা পালন করা হয়নি তার। কারণ, তার মা থাকতেন টাঙ্গাইলে, আর তিনি থাকতেন ঢাকায়। তাই বিশেষ এ দিনটিতে মায়ের সঙ্গে কাটানো হতো না তার। এবার অমিতের জন্মদিনে তার মা ঢাকায় এসেছেন। আর তাই উচ্ছ্বসিত তিনি।
অমিত হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের জন্মদিনে আমি সৌভাগ্যবান। কারণ, আমার মা এবার ঢাকায় এসেছেন। মাসহ পরিবারের সবাইকে নিয়েই জন্মদিন পালন করছি। মাকে কাছে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় গিফট বলে আমি মনে করি। আজ পরিবারকে সঙ্গে নিয়েই দিনটি পালন করব।’
দোয়া চেয়ে ‘চেতনা’খ্যাত এ অভিনেতা বলেন, ‘স্ত্রী, সন্তানের সঙ্গেই কাটবে দিনটি। সবার কাছে দোয়া চাই। আয়োজন করে জন্মদিন পালন করার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। এখনো নেই।’
টাঙ্গাইলের আদালত পাড়ার ছেলে অমিত হাসানের আসল নাম খন্দকার সাইফুর রহমান (আজু)। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের ‘জ্যোতি’ ছবি দিয়ে শুরু হয় তার সফলতা।
জনপ্রিয় এই নায়ক এখন খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ডিজিটাল পদ্ধতির প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রং ছবিতে তিনি প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন। এছাড়া কয়েকটি ছবিতে খলনায়কের অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।
