Home জাতীয় অনলাইনে ঢাবির ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী

অনলাইনে ঢাবির ক্লাস নিচ্ছেন তথ্যমন্ত্রী

0
84

নজর২৪, ঢাকা- প্রাণ;ঘাতী করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে চলছে ক্লাস। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইনেও মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার অনলাইনে ক্লাস নেয়া শুরু করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমুদ্র বিজ্ঞান বিভাগে ক্লাস নেওয়া শুরু করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে অনলাইনের মাধ্যমে তিনি প্রথম ক্লাস নেন।

 

এর আগে তিনি একই বিভাগে বেশ কয়েকবার ক্লাস নিয়েছেন। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার আগে তিনি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিস বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।

 

শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ড. হাছান মাহমুদ। এরপর বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি এবং ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

৩টি বিষয়ে স্নাতকোত্তর শেষে ইন এনভায়রনেমন্টাল সায়েন্স: পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি করেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন।

 

উল্লেখ্য, ড. হাছান মাহমুদ দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সরকারের বন ও পরিবেশমন্ত্রী, বর্তমানে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. হাছান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here