থাইল্যান্ডের রাস্তায় কাছাকাছি জোভান-পূজা, জানা গেল আসল ঘটনা

রাত থেকে নেট দুনিয়ায় খবর ভাসছে, প্রেম করছেন ছোটপর্দার অভিনেতা জোভান ও পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি থেকে এই গুঞ্জনের সূত্রপাত।

জোভান-পূজার কয়েকটি ছবি প্রকাশ করে নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, থাইল্যান্ডের রাস্তায় মদ্যপ অবস্থায় একে অন্যকে চুমু খাচ্ছেন তারা। এমনকি পূজাকে ফুল দিয়ে প্রোপোজ করেছেন জোভান।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন জোভান ও পূজা। যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো মূলত শুটিংয়ের। কে বা কারা দূর থেকে ছবিগুলো তুলে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।

জোভান-পূজার প্রেমের গুঞ্জন নিয়ে যখন নেট দুনিয়া উত্তাল, তখন মাহমুদুর রহমান হিমি শুটিংয়ের ছবিগুলো প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন তারা। এতে নেটিজেনদের দাবি ভুল প্রমাণিত হয়।

সিনেমাটি তৈরি হচ্ছে নারী পাচারের গল্প নিয়ে। পূজা একজন বার ড্যান্সার, যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে।

থাইল্যান্ডের পাশাপাশি বাংলাদেশেও শুটিং হবে সিনেমাটির। এরইমধ্যে ব্যাংককে প্রথম ধাপের শুটিং শেষ। বাকি অংশের কাজ হবে ঢাকায়। ওয়েব ফিল্মটি তৈরি হচ্ছে দেশীয় একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য।

সর্বশেষ পূজা চেরীকে দেখা গেছে ‘সাইকো’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন রোশান। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘হৃদিতা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *